দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপে হিউস্টনে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুজনেই জোড়া গোল করেন। আর একটি গোল করেন ক্রিসেনসিও সামারভিল। সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। মাত্র ৫ মিনিটেই কোডি গাকপোর দারুণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি।
১৭ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডান প্রান্ত থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাস থেকে সহজ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন সান্ডারল্যান্ডের এই ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার তৃতীয় গোল।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় গোল করেন লিভারপুল তারকা কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি।
৫৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুইডেনের হয়ে ব্যবধান কমান অ্যান্থনি এলাঙ্গা। তবে ম্যাচের শেষদিকে ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে নেদারল্যান্ডসের পঞ্চম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।
এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ডাচরা। অন্যদিকে প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানো সুইডেন এই হারে পিছিয়ে পড়ল।
এমএস/